প্রাকৃতিক সম্পদে ভরপুর সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর -এই তিন উপজেলা নিয়ে গঠিত (সংসদীয় ২৩২) সিলেট-৪ আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই আসনে বিএনপি-জমিয়ত ঐক্যজোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে রয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। অপরদিকে ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে রয়েছেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদীন।
আরিফুল হক চৌধুরী রাজনৈতিক জীবনে সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর ও মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০০৩ সালে সিসিকের প্রথম নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হন। ২০১৩ ও ২০১৮ সালে সিলেট সিটি করপোরেশনের মেয়র হিসেবে নির্বাচিত হন। ২০২৩ সালে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সিটি করপোরেশন নির্বাচন বর্জন করেন।
অন্যদিকে জয়নাল আবেদীন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি ২০০৯ ও ২০১৪ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী অংশগ্রহণ করেননি।
সিলেট-৪ আসনের তিন উপজেলাতেই প্রার্থীরা নির্বাচনী সময়কালে গণসংযোগ, পথসভা ও বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। নির্বাচনী প্রচার কার্যক্রম শেষে এখন ভোটগ্রহণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এই আসনের একটি গুরুত্বপূর্ণ ইস্যু হলো পাথর কোয়ারি। প্রায় আট বছর ধরে পাথর কোয়ারি বন্ধ থাকায় স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সংকট তৈরি হয়েছে। নির্বাচনী প্রচারণায় বিভিন্ন প্রার্থী পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করে পাথর কোয়ারি চালুর বিষয়টি উল্লেখ করেছেন।
এছাড়া এই আসনে চা শ্রমিক জনগোষ্ঠীসহ বিভিন্ন জাতিগোষ্ঠী ও ধর্মীয় সম্প্রদায়ের ভোটার রয়েছেন।
উল্লেখ্য, সিলেট-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১২ হাজার ৯৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৭ হাজার ১৩০ জন, নারী ভোটার ২ লাখ ৪৫ হাজার ৮০২ জন এবং হিজড়া ভোটার ১ জন। মোট ভোটকেন্দ্র ১৭২টি এবং ভোটকক্ষের সংখ্যা ১,০০৮টি।
ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীদের পাশাপাশি এ আসনে আরও তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- জাতীয় পার্টির মোহাম্মদ মুজিবুর রহমান (লাঙ্গল), ইসলামী আন্দোলনের মাওলানা সাঈদ আহমদ (হাতপাখা) এবং গণঅধিকার পরিষদের জহিরুল ইসলাম (ট্রাক)।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ১২ ফেব্রুয়ারি এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.