হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের মুড়িয়াউক গ্রামে নিখোঁজের একদিন পর মানছুরা আক্তার (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) গ্রামের পূর্বদিকে ‘ইসমাইল বন্দ’ নামে হাওরের একটি সরিষা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, মুড়িয়াউক গ্রামের মো. কেনু মিয়ার মেয়ে মানছুরা আক্তার শুক্রবার বিকেলে প্রতিদিনের মতো গরুর জন্য ঘাস কাটতে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন এবং সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
শনিবার ভোরে স্থানীয়রা একটি সরিষা ক্ষেতে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটির গলায় নিজের পরনের কাপড় পেঁচানো ছিল।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানান, সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল হক মুন্সিসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ঘটনাস্থলে শতাধিক নারী-পুরুষের ভিড় জমে যায়। নিহত শিশুর মা-বাবার আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে।
এলাকাবাসীর দাবি, এত অল্প বয়সী একটি শিশুর মৃত্যু স্বাভাবিক নয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্ঘাটন করে দায়ীদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তারা। স্থানীয়দের ধারণা, শিশুটিকে নির্যাতনের পর হত্যা করা হয়ে থাকতে পারে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.