প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৬ ০০:০৭ (বুধবার)
নাসীহা ফাউন্ডেশনের ফ্রি কুরআন ও দ্বীন শিক্ষা কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ

নাসীহা ফাউন্ডেশন বিডি'র উদ্যোগে পবিত্র রমজান মাসব্যাপী সিলেটের একাধিক মসজিদে পরিচালিত 'ফ্রি কুরআন ও দ্বীন শিক্ষা' কোর্সের সমাপনী, ফলাফল প্রকাশ ও হাদিয়া বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রোববার (১৫ মার্চ) বেলা ২টায় নগরীর রায়নগর সোনারপাড়া জামে মসজিদে এক বর্ণাঢ্য মাহফিলের মাধ্যমে এই কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামিয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজারের প্রিন্সিপাল শায়খ মাওলানা আবদুস সোবহান বলেন, সিলেটে বিশুদ্ধ কুরআন শিক্ষার বিস্তারে নাসীহা ফাউন্ডেশন অভূতপূর্ব ভূমিকা রেখে চলেছে। তাদের এই মহতী উদ্যোগ যদি তৃণমূল পর্যায়ে অব্যাহত থাকে, তবে ভবিষ্যতে এমন কোনো লোক খুঁজে পাওয়া যাবে না যাদের নামাজের সূরা বা তিলাওয়াত অশুদ্ধ। তিনি কুরআন শিক্ষার প্রসারে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

নাসীহা ফাউন্ডেশনের অভিভাবক আলহাজ্ব আব্দুর রাকিব রকুর সভাপতিত্বে এবং রায়নগর সোনারপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আশরাফ উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের পরিদর্শক সাংবাদিক মাওলানা আতিকুর রহমান নগরী। তিনি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতি শাইখ হাবীব নূহের লিখিত বক্তব্য পাঠ করেন।

হাফেজ আব্দুল হাদী তালহার কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট আলেম ও চিন্তাবিদ মাওলানা শাহ মমশাদ আহমদ। এছাড়াও বক্তব্য রাখেন ফাউন্ডেশনের অভিভাবক আব্দুল কাইয়ূম, আব্দুল আল্লাম রামীম, কাজিরবাজার মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুল খালিক, জামেয়া দারুল ফালাহ সিলেটের প্রিন্সিপাল হাফেজ মাওলানা শিব্বীর আহমদ এবং জামেয়া হেদায়াতুল ইসলাম সিলেটের মুহতামিম মুফতি শাহ মুতিউর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরীক্ষক মাওলানা লুকমান হাকিম, মাহমুদ হোসাইন প্রথমপাশী, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা আব্দুর রহমান, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা আব্দুল্লাহ আল মুহাইমিন, মাওলানা সিফাত উল্লাহ এবং হাফেজ ফাহিম আহমদ।

মাহফিল শেষে বিভিন্ন মসজিদে পরিচালিত কুরআন কোর্সের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও বিশেষ পুরস্কার (হাদিয়া) তুলে দেন অতিথিবৃন্দ। পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।