মৌলভীবাজারে এক ব্যবসায়ীর বাড়ি থেকে আট ড্রাম ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
কমলগঞ্জ উপজেলায় আলীনগর ইউনিয়নের চিতলিয়া এলাকায় এক ব্যবসায়ীর বাড়ি থেকে অবৈধভাবে মজুত করা ১ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়।
শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান।
তিনি জানান, শুক্রবারা রাতে উপজেলার আলীনগর ইউনিয়নের চিতলিয়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
প্রশাসন সূত্র জানিয়েছে, চিতলিয়া বাজারে হিরন এন্টারপ্রাইজের মালিক হিরন মিয়া দীর্ঘদিন ধরে সরকারি বিধি লঙ্ঘন করে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে আসছিলেন। তার বাড়িতে অভিযান চালানো হলে আটটি ড্রামে সংরক্ষিত ১ হাজার ৬০০ লিটার ডিজেল পাওয়া যায়। তবে হিরন মিয়া ও তার ছেলে জুয়েল মিয়া পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
আসাদুজ্জামান বলেন, ‘অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মুনাফা অর্জনের কোনো সুযোগ নেই। জব্দ করা ডিজেল সরকারি নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে সাধারণ মানুষের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করা হবে।’
আইটি ল্যাব সলিউশন্স লি.