প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬ ১৮:৫৫ (মঙ্গলবার)
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই

সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী শফিক আহমেদ আর নেই। রোববার (১২ এপ্রিল) বিকেল ৫টা ৪৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৯০ বছর।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আকসির এম চৌধুরী। তিনি জানান, শনিবার (১১ এপ্রিল) রাতে ব্যারিস্টার শফিক আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়।

ব্যারিস্টার শফিক আহমেদ ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের টেকনোক্রেট মন্ত্রী ছিলেন।

এ ছাড়া তিনি সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন। দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ।