প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৬ ১৪:৪৭ (মঙ্গলবার)
আগামী সপ্তাহে বাংলাদেশিদের জন্য চিকিৎসা-ব্যবসায়ী ভিসা চালু করবে ভারত

বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা পুনরায় চালুর সম্ভাবনা তৈরি হয়েছে আগামী সপ্তাহ থেকেই। দুই দেশের কূটনৈতিক যোগাযোগে ইতিবাচক অগ্রগতির পর এমন আশাবাদ ব্যক্ত করেছেন সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা।
পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, সাম্প্রতিক ভারত সফরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে এস জয়শঙ্কর-এর বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। বৈঠকে বাংলাদেশিদের জন্য চিকিৎসা (মেডিকেল) ভিসার পাশাপাশি ব্যবসায়িক (বিজনেস) ভিসা চালুর বিষয়েও নীতিগত সম্মতি দিয়েছে ভারত।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “মেডিকেল ও বিজনেস ভিসা দ্রুত চালুর বিষয়ে আলোচনা হয়েছে। আশা করছি, আগামী সপ্তাহেই এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি দেখা যাবে।”
বৈঠকে নিরাপত্তা ও আইনি সহযোগিতার বিষয়ও গুরুত্ব পেয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের দুই অভিযুক্ত ভারতে গ্রেফতার হয়েছে জানিয়ে হুমায়ুন কবির বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া এগিয়ে নেওয়া সম্ভব।
এছাড়া, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে ঘিরে চলমান ইস্যুতেও ভারতকে বার্তা দেওয়া হয়েছে বলে জানান তিনি। তার বিরুদ্ধে চলমান বিচারিক প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে উল্লেখ করেন উপদেষ্টা।
গত বছরের জুলাই গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত শেখ হাসিনা-কে আশ্রয় দেওয়াকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। বিশেষ করে মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে সেই সম্পর্ক আরও নিম্নমুখী হয়।
তবে বর্তমান সরকার মনে করছে, পারস্পরিক ইতিবাচক মনোভাব থাকলে সম্পর্ক পুনরুদ্ধার সম্ভব। এ বিষয়ে হুমায়ুন কবির বলেন, “পজিটিভ মানসিকতা থাকলে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়া সম্ভব।”
প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর প্রসঙ্গে উপদেষ্টা জানান, এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সম্ভাব্য গন্তব্য হিসেবে সার্কভুক্ত দেশগুলোর কথাও বিবেচনায় রয়েছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হবে।