প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৬ ১৮:২১ (বুধবার)
ফেঞ্চুগঞ্জে অর্ধকোটি টাকার ভারতীয় চোরাচালান ধরল র‌্যাব, আটক ২

ফেঞ্চুগঞ্জে সীমান্ত পথে নিয়ে আসা একটি চোরাচালান ট্রাক থেকে খালাসের সময় তা জব্দ করেছে র‌্যাব-৯। এসময় দুইজনকে আটক করাও হয়। জব্দকৃত চোরাচালানের বাজার মূল্য প্রায় অর্ধ কোটি টাকা বলে জানিয়েছে র‌্যাব।


আটককৃতরা হলেন কোম্পানীগঞ্জ উপজেলার তালেবপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে মো. আব্দুল করিম (৩৭) ও গোপালগঞ্জ উপজেলার বলাকৈর গ্রামের শুকুর খানের ছেলে মো. মোমেন খান (২১)।

র‌্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ এপ্রিল) রাত পোনে ১১টার দিকে ফেঞ্চুগঞ্জ থানাধীন পালবাড়ি মোড় এলাকায় র‌্যাব-৯, সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় একটি ট্রাক থেকে চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় পণ্য খালাস করা হচ্ছিল।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ট্রাকে থাকা তিনজন পালানোর চেষ্টা করে। এ সময় দুইজনকে আটক করা হলেও একজন পালিয়ে যেতে সক্ষম হয়।

আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ট্রাকটিতে ভারতীয় জিরা ও বিভিন্ন কসমেটিক্স সামগ্রী ছিল। পরে তাদের দেখানো মতে ট্রাক থেকে ১৩৪ বস্তায় রাখা ৪১২০ কেজি ভারতীয় জিরা এবং ১৬ কার্টনে থাকা ৫৭৬০ পিস ফেয়ারনেস ক্রিম উদ্ধার করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, পলাতক সহযোগীদের সঙ্গে যোগসাজশে চোরাচালানের মাধ্যমে ভারতীয় জিরা ও কসমেটিক্স দেশে এনে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।

র‌্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ অনুযায়ী মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। আটককৃতদের এবং জব্দকৃত আলামত ফেঞ্চুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৯ জানিয়েছে, চোরাচালানসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।