প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৬ ১৯:২৬ (শনিবার)
সিলেটে পুলিশি অভিযানে ৫৫ জন গ্রেফতার, ৮২টি গাড়ি আটক

সিলেট নগরীতে চলমান বিশেষ অভিযানে ৫৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। একই সময়ে ট্রাফিক বিভাগ ১৩৮টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। এরমধ্যে ৫৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৮২টি যানবাহন আটক করা হয়।

এমন তথ্য জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম। তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। মহানগরীতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে এসএমপি।

গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার ১৬ জন, ওয়ারেন্টভুক্ত ৫ জন এবং ৩ জন মাদক ব্যবসায়ী রয়েছে। এছাড়া কোতোয়ালী থানা পুলিশ ৯ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে। একই অভিযানে বিভিন্ন এলাকা থেকে অবৈধ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়, যার মধ্যে রয়েছে প্রায় ৮৯ হাজার ২৫০ টাকার চকলেট, ৫ লাখ ৪৫ হাজার ৬০০ টাকার ফুসকা, একটি কাভার্ড ভ্যান এবং আনুমানিক ৩০ লাখ টাকা মূল্যের ১৪টি মহিষ।

এছাড়া ১ জনকে সন্দেহজনক হিসেবে এবং মহানগরীর বিভিন্ন স্থান থেকে ৩০ জনকে মেট্রো অধ্যাদেশে গ্রেফতার করা হয়েছে।

অন্যদিকে, এসএমপির ট্রাফিক বিভাগ ২৪ ঘণ্টার অভিযানে ৫৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা করেছে এবং ৮২টি যানবাহন আটক করেছে। মামলা করা যানবাহনের মধ্যে রয়েছে ১টি বাস, ৬টি ট্রাক, ১৪টি সিএনজি অটোরিকশা, ২৬টি মোটরসাইকেল, ৬টি প্রাইভেটকার এবং ৩টি অন্যান্য যানবাহন। আটককৃত যানবাহনের মধ্যে রয়েছে ১টি ট্রাক, ৪টি প্রাইভেটকার, ১১টি সিএনজি, ৫৭টি মোটরসাইকেল এবং ৯টি অন্যান্য যানবাহন।

এদিকে, শুক্রবার (১৭ এপ্রিল) মধ্যরাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত আরও ৮ ঘণ্টার অভিযানে ২৬ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে নিয়মিত মামলার ৩ জন, ওয়ারেন্টভুক্ত ৪ জন, ৬ জন মাদকসেবী, ২ জন হকার, ১ জন চোর সন্দেহে এবং ৫ জন সন্দেহভাজন ব্যক্তি রয়েছে। এছাড়া মেট্রো অধ্যাদেশে আরও ৫ জনকে গ্রেফতার করা হয়।