প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৬ ১৯:৪৭ (শনিবার)
দীর্ঘদিন পর বাড়িতে এসে ধরা পড়লেন মাধবপুর উপজেলা যুবলীগ সভাপতি

দীর্ঘদিন পর বাড়িতে এসে ধরা পড়লেন হবিগঞ্জের মাধবপুর উপজেলা যুবলীগের সভাপতি মো. শাহাব উদ্দিন। দীর্ঘদিন পলাতক থাকা এই যুবলীগ নেতাকে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে তার নিজ গ্রাম উপজেলা জগদীশপুর ইউনিয়নের দক্ষিণ বেজুড়া থেকে গ্রেফতার করে পুলিশ। তিনি রমনা থানা ও মাধবপুরের বৈষম্যবিরোধী মামলা এজাহারভুক্ত পলাতক আসামি বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতার হওয়া শাহাব উদ্দিন দক্ষিণ বেজুড়া গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে। 

পুলিশ জানায়, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, অস্ত্র মজুদ ও ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে উক্ত দুটি মামলায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়। এরপর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। বৃহস্পতিবার রাতে মাধবপুর থানার উপপরিদর্শন (এসআই) মো.ইকরামুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল দক্ষিণ বেজুড়া গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

এ ব্যাপারে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, রাষ্ট্রদ্রোহীতার অভিযোগসহ দুটি মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারগারে পাঠানো হয়।