প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৬ ১৬:৩৮ (শনিবার)
ফের হরমুজের নিয়ন্ত্রণ নিলো ইরান, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘জলদস্যুতার’ অভিযোগ

হরমুজ প্রণালি আবারও নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, তারা এই জলপথের পূর্ণ নিয়ন্ত্রণ পুনরায় গ্রহণ করছে। ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের চলমান নৌ-অবরোধের প্রতিক্রিয়ায় এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে আইআরজিসির যৌথ সামরিক কমান্ড। বিবিসি ও আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি-তে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্র তথাকথিত অবরোধের নামে ‘জলদস্যুতা এবং সামুদ্রিক চুরির’ মতো কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

বিবৃতিতে বলা হয়, ‘এই কারণে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ আগের অবস্থায় ফিরে এসেছে। এই কৌশলগত জলপথ এখন থেকে সশস্ত্র বাহিনীর কঠোর ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে থাকবে।’

আইআরজিসি স্পষ্ট করে জানিয়েছে, ইরান থেকে যাওয়া এবং ইরানে আসা জাহাজগুলোর অবাধ যাতায়াত বা নেভিগেশনাল স্বাধীনতা যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র নিশ্চিত না করবে, ততক্ষণ এই প্রণালিতে কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখা হবে।


উল্লেখ্য, এর আগে যুক্তরাষ্ট্র ইরানের ওপর নৌ-অবরোধারোপ করে দাবি করেছিল যে তারা হরমুজ দিয়ে ইরানের আমদানি-রপ্তানি বন্ধ করে দিয়েছে। এর পাল্টা ব্যবস্থা হিসেবে এখন তেহরান এই কৌশলগত জলপথের পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা দিল। এতে করে পারস্য উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজ চলাচলে উত্তেজনা আরও বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।