পদোন্নতি ও আপগ্রেডেশন নীতিমালা ভঙ্গ করে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের একান্ত সচিব কবির উদ্দিনসহ দুই কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার (১০ মে) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৪১তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে একাধিক সিন্ডিকেট সদস্য নিশ্চিত করেছেন।
সিন্ডিকেট সূত্র জানায়, তদন্তে রেজিস্ট্রার দপ্তরের উপরেজিস্ট্রার কবির উদ্দিনের বিরুদ্ধে আপগ্রেডেশন নীতিমালা লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয়েছে। নিয়ম অনুযায়ী তিনি দুটি আপগ্রেডেশন পাওয়ার যোগ্য হলেও অতিরিক্ত একটি আপগ্রেডেশন গ্রহণ করেছেন বলে তদন্তে উঠে আসে।
একই সঙ্গে কেন্দ্রীয় গ্রন্থাগারের উপগ্রন্থাগারিক সেবিকা সুলতানার ক্ষেত্রেও প্রয়োজনীয় যোগ্যতা ছাড়াই নিয়োগ ও আপগ্রেডেশন দেওয়ার অভিযোগ সত্য প্রমাণিত হয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সিন্ডিকেট উভয়ের দুটি করে ইনক্রিমেন্ট বাতিল এবং তিরস্কারের সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের সাবেক পরিচালক এ কে এম ফেরদৌসের বিরুদ্ধেও নিয়োগ বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। অতিরিক্ত পরিচালক পদে নিয়োগের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা না থাকা সত্ত্বেও তাকে ওই পদে দায়িত্ব দেওয়া হয় বলে তদন্তে উল্লেখ করা হয়েছে।
এছাড়া ২০২১ সালের ৩০ জুন চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও নতুন কোনো চুক্তি ছাড়াই তিনি দায়িত্ব পালন করে বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা গ্রহণ করেছেন। এ ঘটনায় তার কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম জানান, তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতেই সিন্ডিকেট এসব সিদ্ধান্ত গ্রহণ করেছে।
সি/মা/ডেস্ক/এসসিজে
আইটি ল্যাব সলিউশন্স লি.