প্রকাশিত: ১৭ মে, ২০২৬ ১৭:১৬ (রবিবার)
গোলাপগঞ্জে চোরাচালানের পণ্যসহ র‌্যাব'র হাতে আটক যুবক 

র‌্যাব-৯ এর অভিযানে গোলাপগঞ্জে বিপুল পরিমাণ চোরাচালানের পণ্যসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ সময় প্রায় ৬৫ লক্ষ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করা হয়।


র‌্যাব-৯'র একটি আভিযানিক দল শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে সীমান্তবর্তী জাফলং এলাকা থেকে একটি নীল রংয়ের পিকআপে করে চোরাচালানের মালামাল সিলেট শহরের দিকে নেওয়া হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে একই দিন রাত সাড়ে ৮টার দিকে গোলাপগঞ্জ থানাধীন শাহপরান সেতু টোল প্লাজা সংলগ্ন বাইপাস এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়।


চেকপোস্টে একটি নীল রংয়ের পিকআপ থামানোর সংকেত দিলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তিনজন ব্যক্তি গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করে। এ সময় একজনকে আটক করা হয় এবং বাকি দুইজন পালিয়ে যায়। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তিনি জানান, তার হেফাজতে চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় পণ্য রয়েছে।


পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী পিকআপ তল্লাশি করে ১২০৫ পিস ভারতীয় শাড়ি, ৪ লক্ষ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট ৪ মিগ্রা, ২০৩৮ পিস জাস্ট ডি৩ ড্রপস ৩০ মিলি এবং ৩৬০০ পিস ব্যাসিলাস ক্লসাই স্পোরস সাসপেনশন ৫ মিলি জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৫ লক্ষ টাকা।


গ্রেফতারকৃত ব্যক্তির নাম রিয়াজ উদ্দিন, বয়স ২৫ বছর। তিনি সিলেট জেলার কানাইঘাট থানার গোরাকপুর এলাকার মৃত শামছুল হকের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, পলাতক দুইজনের সঙ্গে যোগসাজশে এসব পণ্য ভারত থেকে অবৈধভাবে এনে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।


পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত ব্যক্তি এবং পলাতক আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের পূর্বক তাকে এবং জব্দকৃত মালামাল গোলাপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।