ছবি : সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী অভিযানে ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব-৯ সিলেট। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (২৮ মে) ভোররাতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার মোড়াইল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র্যাব-৯ সিলেটের সিপিসি-১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি চালায়।
র্যাব সূত্র জানায়, নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় সংলগ্ন ব্রাহ্মণবাড়িয়া-কাউতলী সড়কে কয়েকজন ব্যক্তি মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে— এমন তথ্য পেয়ে রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করেন র্যাব সদস্যরা।
এ সময় রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় থাকা তিনটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তাগুলোর ভেতর থেকে নীল পলিথিনে মোড়ানো এবং খাকি রঙের স্কচটেপ দিয়ে প্যাকেটজাত ৫০ কেজি গাঁজা পাওয়া যায়। তবে অভিযানের সময় মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজা আইনগত প্রক্রিয়া শেষে জিডিমূলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
সি/মা/ডেস্ক/এসসিজে
আইটি ল্যাব সলিউশন্স লি.