প্রকাশিত: ৩১ মে, ২০২৬ ২০:০৫ (বুধবার)
সিলেটে স্বাস্থ্যসেবা ও সড়ক উন্নয়নে নতুন পরিকল্পনার ঘোষণা

সিলেটে স্বাস্থ্যসেবা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগের কথা জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেছেন, নগরীর ২৫০ শয্যার হাসপাতালটি দ্রুত পূর্ণাঙ্গভাবে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে ১২ শয্যার একটি অত্যাধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

রোববার (৩১ মে) বিকেলে নগরীর শহীদ সুলেমান হলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, নির্বাচনের সময় জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। এর অংশ হিসেবে সিলেট বিমানবন্দর থেকে আম্বরখানা পর্যন্ত সড়ক চার লেনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এছাড়া সাহেবের বাজার থেকে টিলাগড় পর্যন্ত বাইপাস সড়ক নির্মাণ করা হবে, যাতে ভারী পণ্যবাহী যানবাহন শহরের ভেতরে প্রবেশ না করে বিকল্প পথে চলাচল করতে পারে।

তিনি আরও বলেন, নগরীর চারপাশে লিংক রোড নির্মাণের সম্ভাবনাও যাচাই করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

রাজনৈতিক প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা সফল হয়েছে। 

তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে বলেন, তাঁর নেতৃত্বে পরিমিতিবোধ, শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমের সমন্বয় রয়েছে।

সরকারি ব্যয় সংকোচনের উদাহরণ তুলে ধরে মন্ত্রী বলেন, বর্তমানে প্রধানমন্ত্রীর দুপুরের খাবারের সরকারি বরাদ্দ মাত্র ১০০ টাকা, যা মন্ত্রিসভার সবার জন্য সমানভাবে নির্ধারিত। তিনি দাবি করেন, অতীতে সরকারি ব্যয়ের ক্ষেত্রে এমন সংযম দেখা যায়নি।

আলোচনা সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর স্বল্প সময়ের মধ্যেই জিয়াউর রহমান দেশের প্রশাসন ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে সক্ষম হয়েছিলেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক পরিমণ্ডলেও মর্যাদার আসন অর্জন করেছিল।

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। অনুষ্ঠানে মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

 

 

সি/মা/ডেস্ক/এসসিজে