প্রকাশিত: ০১ জুন, ২০২৬ ১৫:৩৯ (বুধবার)
মন্ত্রিসভা থেকে দীপেন দেওয়ানের পদত্যাগ 

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। সোমবার (১ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তিনি তার পদত্যাগপত্র জমা দেন। প্রধানমন্ত্রী তার পদত্যাগপত্রটি গ্রহণ করেছেন বলে জানা গেছে।

বিএনপি সরকারের যাত্রা শুরুর সাড়ে তিন মাসের মাথায় কোন মন্ত্রীর পদত্যাগের ঘটনা ঘটলো। এরআগে গত বৃহস্পতিবার মৌলভীবাজার সফরে আসেন দীপেন। এসময় আধিবাসী ও পর্যটন নিয়ে সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা জানিয়েছিলেন তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

পদত্যাগপত্রে দীপেন দেওয়ান তার দায়িত্ব থেকে অব্যাহতি চাওয়ার পেছনে মূলত শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন। তিনি জানান, অসুস্থতাজনিত কারণে মন্ত্রণালয়ের রুটিন ও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন তার জন্য কঠিন হয়ে পড়েছে।

উল্লেখ্য, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং দেশের সর্বোচ্চ ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে ইতিহাস গড়েন। নির্বাচন-পরবর্তী গত ১৭ ফেব্রুয়ারি গঠিত নতুন সরকারের মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছিলেন তিনি। দায়িত্ব গ্রহণের সাড়ে তিন মাসের মাথায় শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করলেন এই বর্ষীয়ান রাজনীতিবিদ।