প্রকাশিত: ০১ জুন, ২০২৬ ১৬:১৫ (বুধবার)
ইসলামী ব্যাংকের সামনে আন্দোলন, পুলিশের লাঠিচার্জ, জলকামান ব্যবহার

রাজধানীর দিলকুশায় ইসলামি ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে নবনিযুক্ত চেয়ারম্যান মো. খুরশীদ আলমের পদত্যাগের দাবিতে আন্দোলনরতদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। তাদের ছত্রভঙ্গ করতে জলকামান-টিয়ারগ্যাসও ব্যবহার করা হয়।


‘সচেতন গ্রাহক ফোরাম’ ব্যানারে আন্দোলনকারীরা আজ সকালে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেন।

এসময় নতুন নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান মো. খুরশীদ আলমের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগানসহ বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার নাগাদ আন্দোলনকারীদের সরিয়ে দিতে অভিযান শুরু করে পুলিশ। একপর্যায়ে লাঠিচার্জ করা হয়। এছাড়া আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনী। এতে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।

ঘটনার পর দিলকুশা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং ব্যাংকের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দুপুরের দিকে জানান মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম।

তিনি  বলেন, ব্যাংকটির কিছু গ্রাহক সড়ক অবরোধ করেছিলেন। কোনো প্রকার পূর্ব ঘোষণা বা অনুমতি ছাড়া এ ধরনের কর্মসূচি পালনের সুযোগ নেই। জনগনের জানমালের নিরাপত্তায় এবং গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে আমরা তাদের ছত্রভঙ্গ করে দিয়েছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যান চলাচলও স্বাভাবিক।

এদিকে ছত্রভঙ্গ করে দেয়ার প্রায় দেড় ঘণ্টা পর আবার মানববন্ধন শুরু করেন গ্রাহকরা।