রিও ডি জেনেইরোর মারাকানা স্টেডিয়াম যেন ভিনিসিয়ুস জুনিয়রের ঘরে ফেরার অনুষ্ঠানে পরিণত হয়েছিল। দুর্দান্ত একটি গোল করার পাশাপাশি আরেকটি গোলে সহায়তা করে ব্রাজিলকে ৬-২ ব্যবধানে পানামার বিপক্ষে প্রীতি ম্যাচে জয় এনে দেন তিনি। এর মাধ্যমে বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি আরো শাণিত করল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
বিশ্বকাপ ফুটবল শুরু হতে দুই সপ্তাহেরও কম সময় বাকি। ইনজুরির কারণে গতকাল রাতের ম্যাচে দলে ছিলেন না নেইমার। ধারণা করা হচ্ছে, পায়ের পেশিতে চোটের কারণে ১৩ জুন মরক্কোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচও মিস করতে পারেন তিনি। এছাড়া শনিবারের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে খেলার কারণে অনুপস্থিত ছিলেন গ্যাব্রিয়েল মাগালহায়েস, মারকিনিয়োস ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লি।
ফলে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ভিনিসিয়ুস। ফ্ল্যামেঙ্গোর একাডেমি থেকে ওঠে আসার সময় মারাকানাকে নিজের ঘর বলে জানতেন তিনি, সেই মাঠে ফিরেই ঝলক দেখান। ম্যাচের দুই মিনিটও পার হয়নি, এর মধ্যেই গোল করে বসেন।
পানামা নিজেদের রক্ষণভাগ থেকে আক্রমণ গড়ার চেষ্টা করলে কাসেমিরো তা আটকে দেন। আর বলটি পেয়ে ভিনিসিয়ুস দ্রুত গোলমুখে এগিয়ে গিয়ে বক্সের বাইরে থেকে জোরালো শটে জড়িয়ে দেন জালের ওপরের বাঁ কোণে।
তবে ১৪তম মিনিটে পানামা ম্যাচে ফিরতে সক্ষম হয়। মাইকেল মুরিল্লোর ফ্রি-কিক ব্রাজিলের মাতেউস কুনিয়ার গায়ে লেগে দিক পরিবর্তন করে। এতে গোলরক্ষক অ্যালিসন ভুল দিকে চলে গেলে বল গড়িয়ে জালে ঢুকে পড়ে।
তবে ৩৯তম মিনিটে আবারো ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ব্রাজিল। বাম দিক থেকে দুর্দান্ত এক দৌড়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে ভিনিসিয়ুস ক্রস বাড়ান, আর হেডে গোল করেন কাসেমিরো।
বিরতির পর ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি প্রায় পুরো দলই বদলে দেন। শুরুর একাদশ থেকে শুধু সেন্টার-ব্যাক লিও পেরেইরা মাঠে থাকেন।
পরিবর্তিত খেলোয়াড়রাও দ্রুত নিজেদের ছাপ রাখেন। দ্বিতীয়ার্ধ শুরুর সাত মিনিট পর পানামার গোলরক্ষক অরল্যান্ডো মস্কেরার পায়ে বল খেলার ভুলে সুযোগ পেয়ে যান রায়ান, তিনি ফাঁকা জালে সহজেই বল পাঠিয়ে দেন।
৬০তম মিনিটে লুকাস পাকেতার বাঁকানো শট প্রতিপক্ষের খেলোয়াড়ের গায়ে লেগে জালে ঢুকে গেলে ব্যবধান হয় ৪-১। তিন মিনিট পর ইগর থিয়াগো পেনাল্টি থেকে ব্রাজিলের পঞ্চম গোল করেন।
৮১তম মিনিটে বক্সের ভেতর থেকে শট নিয়ে ব্রাজিলের ষষ্ঠ গোল করেন দানিলো। তবে তিন মিনিট পর পানামার হয়ে কার্লোস হার্ভে দুর্দান্ত এক শটে ওপরের কোণে বল জড়িয়ে ব্যবধান কিছুটা কমান।
বিশ্বকাপের আগে আগামী সপ্তাহে মিসরের বিপক্ষে খেলবে ব্রাজিল। এরপর ‘সি’ গ্রুপে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে।
অন্যদিকে ‘এল’ গ্রুপে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া ও ঘানার সঙ্গে থাকা পানামা বিশ্বকাপের আগে আরো দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। প্রতিপক্ষ ডমিনিকান রিপাবলিক ও বসনিয়া। এরপর ১৬ জুন ঘানার বিপক্ষে ম্যাচ দিয়ে তারা বিশ্বকাপে অভিষেক হবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.