প্রকাশিত: ০২ জুন, ২০২৬ ১৮:১১ (বুধবার)
মাধবপুরে অবৈধ বালু-মাটি উত্তোলন, ড্রেজার ধ্বংস

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের গোকুলপুর এলাকায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২ জুন) দুপুরে ছাতিয়ান রোড সংলগ্ন গোকুলপুর এলাকায় পরিবেশ রক্ষা ও কৃষিজমি সংরক্ষণের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।


অভিযানে অবৈধ বালু ও মাটি উত্তোলনে ব্যবহৃত ২টি ড্রেজার মেশিন ধ্বংস ও অকেজো করা হয়। পাশাপাশি প্রায় ৩ হাজার ফুট পাইপ বিনষ্ট করা হয় এবং একটি এক্সেভেটর থেকে ২টি ব্যাটারি জব্দ করা হয়।


অভিযান পরিচালনা করেন মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুজিবুল ইসলাম।

এ সময় তিনি বলেন, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং স্থানীয় জনসাধারণের দুর্ভোগ বাড়ছে। পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। অবৈধ বালু ও মাটি উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।