প্রকাশিত: ০২ জুন, ২০২৬ ২৩:৫৮ (বুধবার)
নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

ছবি : সংগৃহীত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশরাফুল ইসলাম (১৫) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দেবপাড়া ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের সাহিদুল ইসলামের ছেলে।

মঙ্গলবার (২ জুন) সকালে দেবপাড়া ইউনিয়নের কালনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরবেলায় গাছ কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন আশরাফুল। একপর্যায়ে কালনী এলাকায় পৌঁছে অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়দের দাবি, বিদ্যুতের প্রবল আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এলাকাবাসী জানান, আশরাফুলের মা স্বামী পরিত্যক্তা হওয়ায় তিনি ছোটবেলা থেকেই নানাবাড়িতে থেকে বড় হচ্ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে ছুটে যান। এ সময় এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

 

 

সি/মা/ডেস্ক/এসসিজে