প্রকাশিত: ০৪ জুন, ২০২৬ ২২:৫২ (সোমবার)
বালু সিন্ডিকেটের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, উদ্ধার বিপুল সিলিকা বালু

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অবৈধভাবে উত্তোলিত সিলিকা বালুর বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ১০ ট্রাক বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার(৪ জুন) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় পরিচালিত অভিযানে উপজেলার আশিদ্রোন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পুটিয়াছড়া এলাকায় একটি লেবুবাগানে মজুত রাখা সিলিকা বালুর সন্ধান পাওয়া যায়। স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদিনের উপস্থিতিতে সেখানে সংরক্ষিত প্রায় ১০ ট্রাক সিলিকা বালু জব্দ করা হয়। সংশ্লিষ্ট জমির মালিক হিসেবে হেকিম মিয়ার নাম জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী সিন্ডিকেট ওই এলাকায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন ও ব্যবসা পরিচালনা করে আসছে। এ কাজে তারা পাকা সড়কের মুখে স্টিলের গেইট স্থাপন করে বিশেষ ব্যবস্থার মাধ্যমে বালু পরিবহন করত। এলাকাবাসীর দাবি, অতীতেও প্রশাসন একাধিকবার অভিযান চালালেও জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান আইনগত ব্যবস্থা না নেওয়ায় অবৈধ কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়নি।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন বলেন, অবৈধ বালু উত্তোলন রোধে প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে। পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে পরিবেশবাদী ও স্থানীয় সচেতন মহল অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে, নিয়ন্ত্রণহীন বালু উত্তোলন পরিবেশের ভারসাম্য নষ্ট করার পাশাপাশি কৃষিজমি ও জীববৈচিত্র্যের জন্যও হুমকি হয়ে উঠছে।

 

 

 

সি/মা/ডেস্ক/এসসিজে