প্রকাশিত: ১৭ জুন, ২০২৬ ১৭:১৬ (বুধবার)
ওসমানী হাসপাতালে যৌথ অভিযান, চার দালালকে কারাদণ্ড

 

এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্রের দৌরাত্ম্য ঠেকাতে অভিযান চালিয়েছে র‌্যাব ও জেলা প্রশাসন। এসময় চিকিৎসা নিতে আসা মানুষকে হয়রানি, প্রতারণা ও সরকারি দায়িত্ব পালনে বাঁধা দেয়ায় ৪ দালালকে আটক করে তাৎক্ষণিক কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) রাতে এ অভিযান পরিচালনা করা হয়। বুধবার (১৭ জুন) দুপুরে এসব তথ্য জানায় র‌্যাব। 

আটককৃতরা হলেন সিলেট নগরীর কোতোয়ালি থানাধীন শামীমাবাদ এলাকার শাহজাহান আহমেদের ছেলে তানভীর আহমেদ সুমনকে (৩০), সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার পাগলা পশ্চিম পাড়ার বাচ্চু মিয়ার ছেলে সায়েম আহমদকে (৩৪), মৌলভীবাজারের সদর থানাধীণ হেলালপুর গ্রামের মৃত কনা মিয়ার ছেলে বকুল মিয়াকে (৫৬) ও কোতোয়ালি থানাধীন কানিশাইল এলাকার মৃত বশির আহমেদের ছেলে সুমন আহমেদ (২৮)। 

আটককৃতরা সরকারি কর্মচারীদের আইনি কাজে বাধা প্রদান এবং সাধারণ মানুষকে হয়রানি করার অপরাধ স্বীকার করায় জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট চার জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন। 


এদের মধ্যে তানভীর আহমেদ সুমন ও সায়েম আহমদকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং বকুল মিয়া ও সুমন আহমেদকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।