প্রকাশিত: ১৭ জুন, ২০২৬ ২৩:১২ (শুক্রবার)
খালেদা রাব্বানীর খোঁজ নিতে বাসভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি : সংগৃহীত

মৌলভীবাজার সফরকালে বিএনপির প্রবীণ নেত্রী ও সাবেক সংসদ সদস্য খালেদা রাব্বানীর বাসভবনে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

​​​​

বুধবার (১৭ জুন) শ্রীমঙ্গলে একটি কর্মসূচিতে অংশ নেওয়ার পর তিনি মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা রোডে অবস্থিত খালেদা রাব্বানীর বাসভবনে যান। সেখানে তিনি খালেদা রাব্বানীর শারীরিক অবস্থার খোঁজ নেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।


এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।


মিফতাহ সিদ্দিকী জানান, বিএনপির রাজনৈতিক সংস্কৃতিতে শিষ্টাচার, মানবিকতা ও বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মান গুরুত্বপূর্ণ মূল্যবোধ হিসেবে বিবেচিত হয়। ব্যস্ত রাজনৈতিক কর্মসূচির মধ্যেও দলের সিনিয়র নেতাদের খোঁজখবর নেওয়া সেই সংস্কৃতিরই অংশ।


তিনি বলেন, সাক্ষাৎকালে খালেদা রাব্বানী আবেগঘন পরিবেশে তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন স্মৃতির কথা তুলে ধরেন। তিনি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের স্মৃতিচারণ করেন এবং অতীতের কিছু আলোকচিত্রও দেখান। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান মনোযোগ দিয়ে তাঁর কথা শোনেন এবং আন্তরিকভাবে খোঁজখবর নেন।
মিফতাহ সিদ্দিকীর ভাষ্য, একজন প্রবীণ রাজনৈতিক সহযোদ্ধার প্রতি এমন মানবিক আচরণ দলের দায়িত্বশীল রাজনীতিরই প্রতিফলন।


উল্লেখ্য, খালেদা রাব্বানী দীর্ঘদিন ধরে মৌলভীবাজারের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বর্তমানে তিনি বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় চিকিৎসাধীন রয়েছেন।

 

 

সি/মা/ডেস্ক/এসসিজে