প্রকাশিত: ১৮ জুন, ২০২৬ ২২:৩৮ (শুক্রবার)
জুড়ীতে পরকিয়ার জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

ছবি: সিলেটের মানচিত্র

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পারিবারিক কলহ ও পরকীয়া সম্পর্কের সন্দেহকে কেন্দ্র করে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে দ্রুত গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর আনুমানিক ৩টায় জুড়ী থানার পূর্ব জুড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রিতা রুদ্র পাল (৩৫) গোবিন্দপুর এলাকার বাসিন্দা মিটু রুদ্র পালের স্ত্রী।

অভিযোগ অনুযায়ী, নিজ বসতবাড়ির উঠানের দক্ষিণ পাশে রিতা রুদ্র পালের ওপর অতর্কিত হামলা চালায় তার স্বামী মিটু রুদ্র পাল। হাতে থাকা দা দিয়ে এলোপাতাড়ি কোপ দিলে তার গলা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই অভিযুক্ত স্বামী পালিয়ে যায়।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, পরকীয়া সম্পর্ক নিয়ে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। এ বিষয়ে পুলিশ আরও তদন্ত চালিয়ে যাচ্ছে।

জানা যায়, স্হানীয় ইউপি চেয়ারম্যান রুয়েল উদ্দিন সহ খবর পেয়ে জুড়ী থানার এসআই (নিঃ) মিয়া নাসির উদ্দীন আহমেদ ঘটনাস্থলে পৌঁছে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং পরবর্তী আইনগত কার্যক্রম শুরু করেন।

জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, “হত্যাকাণ্ডের খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে উপজেলার একটি দুর্গম টিলা এলাকা থেকে অভিযুক্তকে অল্প সময়ের মধ্যেই গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

 

 

 

সি/মা/ডেস্ক/এসসিজে