পবিত্র ওমরাহ হজ পালন করতে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। জীবনের বিশেষ এই আধ্যাত্মিক সফরে তার সঙ্গী হয়েছেন বাবা, মা ও বোন।
সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পবিত্র মক্কা শরিফ থেকে বেশ কয়েকটি ছবি পোস্ট করে ভক্তদের এই খবরটি নিজেই জানিয়েছেন তিনি।
পবিত্র কাবা শরিফ প্রথমবার দেখার পর নিজের অনুভূতি জানিয়ে তিনি লেখেন, ‘প্রথমবার যখন পবিত্র কাবার দিকে তাকালাম, তখন আমার মুখ থেকে সব শব্দ যেন হারিয়ে গেল। কোনো ভাষা বা শব্দ দিয়ে ওই মুহূর্তের গভীর আবেগ, মনের ভেতরের উপচেপড়া পরম শান্তি আর হৃদয়ের কৃতজ্ঞতা প্রকাশ করা সম্ভব নয়।’
এই পরম সৌভাগ্যের জন্য মহান আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও যোগ করেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ মালিক।’
অভিনেত্রীর এই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পর থেকেই তা নেটিজেনদের নজর কেড়েছে। মন্তব্য বা কমেন্ট বক্সে বিনোদন ইন্ডাস্ট্রির সহকর্মী থেকে শুরু করে সাধারণ ভক্তরা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন।
অনেকেই ভাবনা ও তার পুরো পরিবারের জন্য শুভকামনা এবং দোয়া প্রার্থনা করেছেন।
ছোটপর্দার মাধ্যমে অভিনয়ের আঙিনায় পথচলা শুরু করেন ভাবনা। পরে ২০১৭ সালে অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন।
ভাবনা ওপার বাংলার পরমব্রত চ্যাটার্জির বিপরীতে ‘নয়নতারা’ সিনেমায় অভিনয় করে দারুণ প্রশংসা কুড়ান। এছাড়া ‘লাল মোরগের ঝুঁটি’ ও ‘দামপাড়া’র মতো ভিন্নধর্মী চলচ্চিত্রে নিজের অভিনয়শৈলী ফুটিয়ে তুলেছেন।
শুধু অভিনয়ই নয়, আশনা হাবিব ভাবনাএকজন চিত্রশিল্পী, নৃত্যশিল্পী ও লেখক হিসেবেও বিনোদন অঙ্গনে নিজের একটি আলাদা পরিচিতি তৈরি করেছেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.