বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। এবছর সিলেট শিক্ষাবোর্ডে পরীক্ষার্থীর সাথে বেড়েছে কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠান। এবছর সিলেট বোর্ডে ৭২ হাজার ৭৪৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে ৩ হাজার ৫৭৩ জন।
সিলেট শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, গত বছরের তুলনায় এবছর বেড়েছে কেন্দ্রের সংখ্যা। গত বছর ৮৮ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হলেও এবার ৯৬টি কেন্দ্রে হবে পরীক্ষা। গত বছর সিলেট বোর্ডের এইচএসসি পরীক্ষায় ৩২২টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিলেও এবার ৩৩৬টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছেন।
সিলেট বোর্ড সূত্রে জানা গেছে, এবার মোট পরীক্ষার্থীর মধ্যে ২৯ হাজার ২১৭ জন ছাত্র এবং ৪৩ হাজার ৫২৮ জন ছাত্রী। এরমধ্যে নিয়মিত ৫২ হাজার ৫৪০ জন। বাকিরা অনিয়মিত, মানোন্নয়ন ও প্রাইভেট পরীক্ষার্থী।
বোর্ডের তথ্য অনুযায়ী, গত বছর পরীক্ষার্থী ছিলেন ৬৯ হাজার ১৭২ জন। তাদের মধ্যে ২৭ হাজার ৭৬৪ জন ছাত্র এবং ৪১ হাজার ৪০৮ জন ছাত্রী ছিলেন। সে হিসাবে এক বছরের ব্যবধানে পরীক্ষার্থী বেড়েছে ৩ হাজার ৫৭৩ জন। এ বছর সিলেট বিভাগের ৯৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জেলাওয়ারি তথ্য অনুযায়ী, এবার সিলেট জেলার ১৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৩১ হাজার ২১৫ জন শিক্ষার্থী ৩৮টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন। একইভাবে সুনামগঞ্জের ৭৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৩ হাজার ৮৭০ জন শিক্ষার্থী মোট ২২টি কেন্দ্রে পরীক্ষা দিবেন।
এছাড়া মৌলভীবাজারের ৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪ হাজার ৭৩৯ জন শিক্ষার্থী ১৬টি কেন্দ্রে, এবং হবিগঞ্জের ৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ হাজার ৯২১ জন পরীক্ষার্থী ২০টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন।
সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াছমীন বলেন, এবার সিলেট বিভাগের চার জেলার ৩৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৭২ হাজার ৭৪৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে ২৯ হাজার ২১৭ জন ছাত্র ও ৪৩ হাজার ৫২৮ জন ছাত্রী। বিভাগের ৯৬টি কেন্দ্রে নির্ধারিত সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সব ধরনের প্রশাসনিক ও নিরাপত্তামূলক প্রস্তুতি নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় প্রথম দিনের মতো বাংলা (আবশ্যিক) প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বোর্ডের নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করে নিজ নিজ আসনে বসতে হবে। তিন ঘন্টাব্যাপী শুরু হওয়া এ পরীক্ষা দুপুর ১টা পর্যন্ত চলবে। প্রথমে বহুনির্বাচনি (এমসিকিউ) এবং পরে সৃজনশীল বা রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুই অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। এদিকে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.