প্রকাশিত: ০৫ জুলাই, ২০২৬ ২২:২১ (বৃহস্পতিবার)
জগন্নাথপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ

ছবি: সিলেটের মানচিত্র

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

রোববার (৫ জুলাই) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জগন্নাথপুরের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এবং উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তপন চন্দ্র শীলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা ছাদ মাস্টার। এছাড়াও বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ রফিক মিয়া, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সোবহান এবং জগন্নাথপুর পৌর বিএনপির আহ্বায়ক সালা উদ্দিন মিঠুসহ অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমদ।

এ সময় উপকারভোগী কৃষক, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, নির্বাচিত প্রতিটি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে ৫ কেজি উন্নত জাতের আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। সরকারের এই কৃষি প্রণোদনা কর্মসূচির লক্ষ্য হলো আমন ধানের আবাদ সম্প্রসারণ, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে লাভজনক কৃষি নিশ্চিত করা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের খাদ্য নিরাপত্তা বজায় রাখতে কৃষি খাতকে আরও শক্তিশালী করতে সরকার ধারাবাহিকভাবে কৃষকদের নানা ধরনের সহায়তা ও প্রণোদনা প্রদান করছে। এ ধরনের উদ্যোগ কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করার পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

 

 

সি/মা/ডেস্ক/এসসিজে