প্রকাশিত: ০৬ জুলাই, ২০২৬ ২২:০৮ (বৃহস্পতিবার)
গোয়াইনঘাটে ধর্ষণের শিকার কিশোরী,আটক ১

ছবি : সংগৃহীত

গোয়াইনঘাট উপজেলায় ১২ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের দায়ের করা মামলার পর অভিযুক্ত মনছুর আলম (৩৫)-কে আটক করেছে পুলিশ।

সোমবার (৬ জুলাই) সকালে গোয়াইনঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলাটি দায়ের করা হয়। আটক মনছুর উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা যায়, কিশোরীর বাবা মারা গেছেন এবং তার মা বর্তমানে সৌদি আরবে কর্মরত রয়েছেন। প্রায় দেড় মাস ধরে সে এক আত্মীয়ের বাড়িতে থেকে লেখাপড়া করছিল। 

অভিযোগ অনুযায়ী, গত ২৫ জুন প্রতিবেশী মনছুর আলম নিজ বাড়িতে নিয়ে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করেন।

ঘটনার পর ভয় ও আতঙ্কে কিশোরী বিষয়টি গোপন রাখে। পরে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে সে ঘটনার বিস্তারিত জানায়। পরে আত্মীয়-স্বজন বিষয়টি নিয়ে আলোচনা করে গোয়াইনঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, অভিযোগ পাওয়ার পরপরই মামলাটি নিয়মিতভাবে রুজু করা হয়েছে। পাশাপাশি দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা এবং মামলার অন্যান্য আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।


 

সি/মা/ডেস্ক/এসসিজে