ছবি : সংগৃহীত
সাভারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত পদযাত্রা-পরবর্তী সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন দলটির নেতারা।
সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড এলাকার ঈদগাহ মাঠে চলমান সমাবেশে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলে উপস্থিত এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত জানান, ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য দিচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা সমাবেশস্থল লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করলে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন।
সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
বিস্ফোরণের ঘটনার পর এনসিপির নেতাকর্মীরা সাভার মডেল থানার সামনে অবস্থান নেন এবং ঘটনার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানান তারা।
প্রসঙ্গত, গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা-২০২৬’ কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ কর্মসূচির অংশ হিসেবে দেশের ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় পদযাত্রা ও সমাবেশের আয়োজন করা হয়েছে।
সি/মা/ডেস্ক/এসসিজে
আইটি ল্যাব সলিউশন্স লি.