প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬ ১৬:১৭ (বৃহস্পতিবার)
সুনামগঞ্জে বিপৎসীমার ওপরে সুরমা-কুশিয়ারার পানি 

সুনামগঞ্জ সদর উপজেলার বেথার হাওর থেকে ফিরছেন একজন বাসিন্দা। সোমবার তোলা।

সুনামগঞ্জে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুরমা নদীর পানি ছাতক পয়েন্টে বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপরে, আর কুশিয়ারায় মার্কুলি পয়েন্টে ৭ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।

আগামী ২৪ ঘণ্টায় উজান ভাটিতে ভারি বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে পাউবোর বন্যা সতর্কীকরণ কেন্দ্র। এছাড়া  সুরমা ও কুশিয়ারার পানি আগামী দুই দিনে আরো বেড়ে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। 

এদিকে, আগামী ৪৮ ঘণ্টায় সুনামগঞ্জের সীমান্ত নদী যাদুকাটার পানি বেড়ে বিপৎসীমা অতিক্রম করে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে জানায় সূত্রটি।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. ইমদাদুল হক জানান, গতকাল রবিবার সকাল ৯টা থেকে আজ সোমবার সকাল ৯টা পর্যন্ত ভারতের মাউসিনরামে ১১৫ মিলিমিটার, সুনামগঞ্জের ছাতক ১২৫ মিলিমিটার ও সুনামগঞ্জ পয়েন্টে ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।


আগামী ২৪ ঘণ্টা বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং ৪৮ ঘণ্টায় পানি বেড়ে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
এদিকে, অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নিম্নাঞ্চলের রাস্তাঘাট প্লাবিত হয়েছে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। 

তবে বন্যা পরিস্থিতি সৃষ্টি হলে তা মোকাবেলায় প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন।


প্রত্যেক উপজেলায় নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন ও আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বলে জানান নির্বাহী প্রকৌশলী।