প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬ ২২:৫৩ (বৃহস্পতিবার)
সিলেটে একযোগে ১৭ সরকারি কৌঁসুলির পদত্যাগ

ছবি : সংগৃহীত

সিলেট জেলা ও দায়রা জজ আদালতে কর্মরত জামায়াত-সমর্থিত ১৭ জন সরকারি কৌঁসুলি একযোগে পদত্যাগ করেছেন। পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন একজন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এডিশনাল পিপি), একজন অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এডিশনাল জিপি) এবং ১৫ জন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি)।


বুধবার (১৫ জুলাই) দুপুরে তারা সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের কাছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবর প্রেরণের জন্য পৃথক পদত্যাগপত্র জমা দেন।


বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল খালিক। তিনি জানান, বর্তমান সরকারের গণভোট, সংবিধান সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নে অনাগ্রহ এবং বিচার বিভাগের স্বতন্ত্র সচিবালয় বাতিলের প্রতিবাদ হিসেবে তারা স্বেচ্ছায় এসব পদ থেকে সরে দাঁড়িয়েছেন।


পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আলীম উদ্দীন এবং অতিরিক্ত সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মোহাম্মদ নাজমুল হুদা।
এ ছাড়া পদত্যাগ করেছেন সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. রবিউল ইসলাম, জুনেদ আহমদ, মো. মোজাম্মিল আলী, মো. রহমত আলী, ইয়াসিন খান, মোহাম্মদ নাজমুল ইসলাম, সালেহ আহমদ, আমিনুল ইসলাম চৌধুরী, কাজী আতিফুল হক, সাদেক আহমদ, মোহাম্মদ ময়নুল ইসলাম, মো. আব্দুল গফ্ফার, আফজল মিয়া তালুকদার, খায়রুল আলম এবং মোস্তাফিজুর রহমান।


জানা গেছে, প্রত্যেকেই পৃথক আবেদনপত্রে উল্লেখ করেছেন যে, তারা দীর্ঘদিন সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তবে সরকারের বিভিন্ন নীতিগত অবস্থানের প্রতিবাদে তারা স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।


পদত্যাগপত্রে তারা আরও উল্লেখ করেন, সরকারি কৌঁসুলির দায়িত্ব থেকে সরে গেলেও ভবিষ্যতেও দেশের আইন ও বিচারব্যবস্থার প্রতি একজন আইনজীবী হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করে যাওয়ার প্রত্যয় তাদের রয়েছে।