জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আফগানিস্তানে জাতিসংঘ সহায়তা মিশন (ইউএনএএমএ)-এর নতুন প্রধান হিসেবে বাংলাদেশের জ্যেষ্ঠ কূটনীতিক রাবাব ফাতিমাকে নিয়োগ দিয়েছেন। বুধবার (১৫ জুলাই) এ ঘোষণা দেওয়া হয়।
বিভিন্ন দেশে দায়িত্ব পালনের পর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করা পেশাদার কূটনীতিক রাবাব ফাতিমা বর্তমানে স্বল্পোন্নত দেশ, স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ এবং ক্ষুদ্র উন্নয়নশীল রাষ্ট্রবিষয়ক জাতিসংঘের উচ্চ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
জাতিসংঘ সদর দফতর থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
গুতেরেসের মুখপাত্রের কার্যালয় এক বিবৃতিতে জানায়, রাবাব ফাতিমার জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সরকারি দায়িত্ব পালনের ৩০ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তার অভিজ্ঞতার মধ্যে রয়েছে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় কূটনীতি, নীতিনির্ধারণ, অ্যাডভোকেসি, কর্মসূচি প্রণয়ন এবং বাস্তবায়ন।
তিনি কানাডার জর্জেট গ্যাগননের স্থলাভিষিক্ত হচ্ছেন। ইউএনএএমএর উপবিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করা গ্যাগনন এতদিন ভারপ্রাপ্ত মিশনপ্রধান ছিলেন।
২০০২ সালে ইউএনএএমএ প্রতিষ্ঠিত হয়। ২০২১ সালে তালেবান আফগানিস্তানে পুনরায় ক্ষমতায় ফেরার পর থেকে দেশটিতে মানবিক সহায়তার সমন্বয়, রাজনৈতিক সংলাপ এগিয়ে নেওয়া এবং মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণে মিশনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
যুক্তরাষ্ট্র মিশনটির লক্ষ্য ও কার্যপদ্ধতি নিয়ে আপত্তি জানালেও গত জুনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইউএনএএমএ’র মেয়াদ আরও এক বছরের জন্য নবায়ন করে।
আইটি ল্যাব সলিউশন্স লি.