সিলেট নগরীর অন্যতম প্রধান প্রবেশপথ কদমতলী। প্রতিদিন হাজারো যাত্রী, শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ী এই এলাকা ব্যবহার করেন। কিন্তু দীর্ঘদিন ধরে কদমতলী ওভারব্রিজ সংলগ্ন সড়কে স্থায়ী যানজট জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে।
একই সঙ্গে নগরের আম্বরখানা, রিকাবীবাজার, মদিনা মার্কেট ও লামাবাজার এলাকাতেও প্রতিদিনের যানজট সাধারণ মানুষের কর্মঘণ্টা নষ্ট করছে, বাড়াচ্ছে ভোগান্তি এবং অর্থনৈতিক ক্ষতি।
কদমতলী ওভারব্রিজের দুই পাশে সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ড, জকিগঞ্জ ও গোলাপগঞ্জমুখী বাস-মিনিবাসের যাত্রী ওঠানামা এবং বিভিন্ন যানবাহনের অনিয়ন্ত্রিত অবস্থান প্রায় সারাদিনই যানজট সৃষ্টি করছে। ফলে কয়েক মিনিটের পথ পাড়ি দিতে অনেক সময় আধাঘণ্টা থেকে এক ঘণ্টাও লেগে যাচ্ছে।
ওভারব্রিজের পাশেই অবস্থিত কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের সামনে বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা, যানবাহনের উচ্চ শব্দ, কালো ধোঁয়া এবং অনিরাপদ সড়ক পারাপারের কারণে কোমলমতি শিক্ষার্থীরা প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়ছে।
শুধু কদমতলী নয়, নগরের আম্বরখানা, রিকাবীবাজার, মদিনা মার্কেট ও লামাবাজার এলাকাতেও প্রতিদিন অফিস শুরুর সময় ও ছুটির পর তীব্র যানজট দেখা যায়। এসব এলাকায় রোগীবাহী অ্যাম্বুলেন্স, শিক্ষার্থীবাহী যানবাহন, অফিসগামী মানুষ এবং জরুরি সেবার গাড়িও ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে। এতে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, ব্যাহত হচ্ছে ব্যবসা-বাণিজ্য এবং বাড়ছে জনদুর্ভোগ।
যানজটে আটকে থাকা কয়েকজন যাত্রী জানান, প্রতিদিনই একই সমস্যার মুখোমুখি হতে হয়। ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করলেও অবৈধ পার্কিং, নির্ধারিত স্ট্যান্ডের বাইরে যাত্রী ওঠানামা এবং ট্রাফিক ব্যবস্থাপনায় আরও কঠোরতা না থাকায় সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না। তাদের মতে, কার্যকর নজরদারি ও সমন্বিত উদ্যোগ নিলে যানজট অনেকাংশে কমানো সম্ভব।
এ বিষয়ে ট্রাফিক বিভাগের ডিসি সুদিপ্ত রায় জানান, যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ নিয়মিত দায়িত্ব পালন করছে। কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছাকাছি একটি ট্রাফিক বক্স স্থাপনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সড়কে যাতে যানবাহন এলোপাতাড়িভাবে দাঁড়াতে না পারে, সে লক্ষ্যে অভিযানও অব্যাহত থাকবে।
নগর পরিকল্পনাবিদদের মতে, শুধু ট্রাফিক নিয়ন্ত্রণ নয়; অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ, নির্ধারিত স্থানে গণপরিবহন থামানো, সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ ছাড়া সিলেট নগরের দীর্ঘদিনের যানজট সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।
প্রতিদিনের যানজটে নষ্ট হওয়া হাজারো মানুষের মূল্যবান সময় ও উৎপাদনশীলতা এখন নগরবাসীর অন্যতম বড় উদ্বেগ। তাই যানজটপ্রবণ এলাকাগুলোতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি ক্রমেই জোরালো হয়ে উঠছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.