প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬ ১৭:২৭ (মঙ্গলবার)
কমল স্বর্ণের দাম

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নীতিনির্ধারকদের সুদের হার আরও বাড়ানোর ইঙ্গিতের প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে।

সোমবার (২০ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৮টা ৪২ মিনিটে স্পট বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম শূন্য দশমিক ১ শতাংশ কমে ৪ হাজার ১৪ দশমিক ৫৩ ডলারে নেমে আসে।

তবে আগস্টে সরবরাহের জন্য নির্ধারিত যুক্তরাষ্ট্রের স্বর্ণের আগাম বাজারে প্রতি আউন্সের দাম স্থিতিশীল ছিল ৪ হাজার ১৯ দশমিক ৮০ ডলারে।

বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ওনড্যার জ্যেষ্ঠ বিশ্লেষক কেলভিন ওং বলেন, সপ্তাহান্তে উত্তেজনা বৃদ্ধি উভয় পক্ষের মধ্যে সম্ভাব্য সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি আরও বাড়িয়েছে। একই সঙ্গে অর্থনৈতিক স্থবিরতা ও মূল্যস্ফীতির যুগপৎ আশঙ্কা জোরালো হলে তা স্বর্ণবাজারের জন্য নেতিবাচক হতে পারে। কারণ এমন পরিস্থিতিতে স্বর্ণ ধরে রাখার সুযোগ ব্যয় বেড়ে যায়।

দীর্ঘমেয়াদে স্বর্ণবাজার নিয়ে সতর্ক অবস্থানে রয়েছেন তিনি। তার মতে, প্রতি আউন্স ৩ হাজার ৮৮৬ ডলার একটি গুরুত্বপূর্ণ মূল্যস্তর। যদি দাম এর নিচে নেমে যায়, তাহলে তা আরও কমে ৩ হাজার ৫০০ ডলারের দিকে যেতে পারে।