মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় লোকালয়ে চলে আসা প্রায় ১৮ ফুট দীর্ঘ একটি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা সাপটি জীবিত উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেন।
পরে বন বিভাগের তত্ত্বাবধানে সাপটিকে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুর প্রায় ১টার দিকে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের ৫ নম্বর পুল এলাকার বন্ধন কমিউনিটি সেন্টারের পাশের সড়কে স্থানীয় পথচারী ওয়াসিম মিয়া প্রথমে বিশাল আকৃতির সাপটি দেখতে পান। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। এসময় কয়েকজন সাপটিকে হত্যা করারও চেষ্টা করেন।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ এবং বাবুল রবিদাস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। তারা কোনো ধরনের ক্ষতি ছাড়াই সাপটিকে নিরাপদে উদ্ধার করেন।
উদ্ধারকারীরা জানান, অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৮ ফুট এবং ওজন আনুমানিক ৩০ থেকে ৩৫ কেজি। উদ্ধার শেষে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সাপটি শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
মৌলভীবাজার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক জানান, উদ্ধার হওয়া অজগরটি বন বিভাগের হেফাজতে নেওয়ার পর কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হয়েছে।
তিনি বলেন, ‘অজগর বিষধর সাপ নয়। এটি মানুষের জন্য সাধারণত আক্রমণাত্মক নয় এবং বনাঞ্চলের পরিবেশগত ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই লোকালয়ে অজগর বা অন্য কোনো বন্যপ্রাণী দেখা গেলে আতঙ্কিত হয়ে হত্যা না করে দ্রুত বন বিভাগ অথবা অনুমোদিত বন্যপ্রাণী উদ্ধারকারী সংস্থাকে খবর দেওয়া উচিত।’
আইটি ল্যাব সলিউশন্স লি.