প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬ ১৭:৫০ (মঙ্গলবার)
ফেসবুকে স্ট্যাটাস, সকালে মিলল যুবকের ঝুলন্ত মরদেহ

ছবি : সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ফেসবুকে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ উল্লেখ করে স্ট্যাটাস দেওয়ার কয়েক ঘণ্টা পর এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের আমতৈল গ্রামের নিজ বাড়ি থেকে মিয়া হোসেন (২২) নামে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি মৃত মিস্টার আলীর ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার (২০ জুলাই) দিবাগত রাতের কোনো এক সময় নিজ বসতঘরের বৈদ্যুতিক সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেন মিয়া হোসেন।

সকালে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।


স্থানীয়দের ভাষ্য, মৃত্যুর আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ লিখে একটি স্ট্যাটাস দেন তিনি। এরপর থেকেই বিষয়টি এলাকায় আলোচনার জন্ম দেয়।


পরিবারের সদস্যদের দাবি, দীর্ঘদিন ধরে পারিবারিক ও মানসিক চাপে ছিলেন মিয়া হোসেন। এসব কারণেই তিনি এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন বলে তাদের ধারণা। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।


তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

 

 

সি/মা/ডেস্ক/এসসিজে