ছবি : সংগৃহীত
পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন পর্যায়ে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নেতৃত্বে পরিবর্তন এসেছে। এসএমপির নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক (ডিআইজি) সারোয়ার মোর্শেদ শামীম। আর বর্তমান কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা তিনটি পৃথক প্রজ্ঞাপনে এ রদবদলের তথ্য জানানো হয়। উপসচিব তৌহিদ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে দেশের বিভিন্ন ইউনিটে বদলি ও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
এ রদবদলে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান।
এ ছাড়া র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), পুলিশ সদর দপ্তর, সিআইডি, শিল্পাঞ্চল পুলিশ, পাবনা জেলা পুলিশসহ বিভিন্ন রেঞ্জ ও ইউনিটে একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবেই এ রদবদল করা হয়েছে। বদলিকৃত কর্মকর্তারা শিগগিরই নিজ নিজ নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণ করবেন।
সি/মা/ডেস্ক/এসসিজে
আইটি ল্যাব সলিউশন্স লি.