ছবি : সংগৃহীত
হবিগঞ্জের একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে তার বিরুদ্ধে আরও একাধিক মামলা বিচারাধীন থাকায় আপাতত কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না তিনি।
বুধবার (২২ জুলাই) বিচারপতি শেখ জাকির হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রুল নিষ্পত্তি করে এ জামিন মঞ্জুর করেন। আদালতে ব্যারিস্টার সুমনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার পূর্ণিমা জাহান।
আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া আরও চারটি মামলায় জামিন শুনানি এখনও বাকি রয়েছে। এছাড়া রাজধানীর খিলগাঁও ও আদাবর থানার পৃথক দুটি হত্যা মামলায় তার জামিন সংক্রান্ত রুলও হাইকোর্টে শুনানির অপেক্ষায় আছে।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের নতুন ব্রিজ গোলচত্বর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে শিক্ষার্থী ও সাধারণ মানুষ বিক্ষোভে অংশ নেন। এ সময় আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলি চালিয়ে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার প্রায় দুই মাস পর, ২০২৪ সালের সেপ্টেম্বরে চুনারুঘাট থানায় মো. মোস্তাফিজুর রহমান নামের এক ব্যক্তি মামলা দায়ের করেন। এতে ব্যারিস্টার সুমনসহ ৯৭ জনকে নামীয় আসামি এবং আরও ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
এর আগে, ২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।
আইনজীবীরা বলছেন, একটি মামলায় জামিন পেলেও অন্যান্য মামলায় আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত ব্যারিস্টার সুমনের কারামুক্তির সম্ভাবনা নেই।
সি/মা/ডেস্ক/এসসিজে
আইটি ল্যাব সলিউশন্স লি.