প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬ ১৯:২২ (মঙ্গলবার)
নারীকাণ্ডে বিতর্ক, জামায়াত থেকে বহিষ্কার গাজী নজরুল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক তদন্তে তার বিরুদ্ধে ওঠা নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে দলটি।

 

বুধবার (২২ জুলাই) বিকেলে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলটির আমির ডা. শফিকুর রহমান এমপি। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা এতে উপস্থিত ছিলেন।

 

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি গাজী নজরুল ইসলামকে ঘিরে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য ও অভিযোগ সাংগঠনিকভাবে তদন্ত করা হয়। তদন্তে নৈতিক স্খলনের অভিযোগের সত্যতা পাওয়ায় দলের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

 

এ ছাড়া, বহিষ্কারের সিদ্ধান্ত দ্রুত বাংলাদেশ নির্বাচন কমিশনকে (ইসি) আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক তরুণীর সঙ্গে গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

 

তবে এসব অভিযোগ অস্বীকার করে গাজী নজরুল ইসলাম নিজের ফেসবুক পোস্টে দাবি করেন, চলতি বছরের ১৭ জুন পারিবারিকভাবে এবং তার প্রথম স্ত্রীর সম্মতিতে ওই তরুণীর সঙ্গে তার বিয়ে হয়েছে।

 তাই তাদের বিরুদ্ধে প্রচারিত তথ্যকে তিনি 'অপপ্রচার' ও 'বিভ্রান্তিকর' বলে উল্লেখ করেন।

 

পোস্টে তিনি আরও বলেন, তাদের সামাজিক মর্যাদা, ব্যক্তিগত গোপনীয়তা ও নৈতিক চরিত্র ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এসব প্রচারণা চালানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তিনি।

 

 

সি/মা/ডেস্ক/এসসিজে