প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬ ২০:২৯ (মঙ্গলবার)
মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা পীঠস্থানের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

ছবি : সংগৃহীত

সতীর ৫১ পীঠের অন্যতম মহাপীঠ দক্ষিণ সুরমা উপজেলার জৈনপুরে অবস্থিত শ্রী শ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা পীঠস্থানের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) পীঠস্থান প্রাঙ্গণে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

সভায় জানানো হয়, বিদায়ী কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হওয়ায় সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নতুন কমিটি নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়। পরে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে শ্রী শিবব্রত ভৌমিক চন্দন, সাধারণ সম্পাদক হিসেবে জনার্দন চক্রবর্তী মিন্টু এবং কোষাধ্যক্ষ হিসেবে শ্রী সঞ্জিত কর নির্বাচিত হন।


সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, সিলেটের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শ্রী সুব্রত চক্রবর্তী জুয়েল। বিশেষ অতিথি ছিলেন পীঠস্থান পরিচালনা কমিটির উপদেষ্টা অহিভূষণ দেব, বীর মুক্তিযোদ্ধা শ্রী পান্না লাল রায়, ঝন্টু কুমার দে, বিশিষ্ট আইনজীবী শ্রী বিজয় কুমার দেব (বুলু) অ্যাডভোকেট এবং শ্রী সুদীপ বৈদ্য অ্যাডভোকেট।

এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক শ্রী চন্দন দাস, পরিষদের নেতা শ্রী শৈলেন কর ও শ্রী নন্দন পাল, দক্ষিণ সুরমা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী দীপংকর দাস ও সাধারণ সম্পাদক নিখিল মালাকার, মোগলাবাজার থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী মনমোহন দেবনাথ ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাস, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি শ্রী প্রদীপ কর ও সাধারণ সম্পাদক অপন দাসসহ সিলেট সিটি কর্পোরেশন এলাকা এবং বৃহত্তর জৈনপুর ও গোটাটিকর এলাকার বিপুলসংখ্যক ভক্ত-অনুরাগী।

সভায় বক্তারা পীঠস্থানের ধর্মীয় কার্যক্রম আরও সম্প্রসারণ, ঐতিহ্য সংরক্ষণ এবং ভক্তদের জন্য সেবামূলক কর্মকাণ্ড জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। 

নবনির্বাচিত নেতৃবৃন্দ পীঠস্থানের উন্নয়ন, সুষ্ঠু ব্যবস্থাপনা ও ধর্মীয় পরিবেশ অক্ষুণ্ন রাখতে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।