হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ধলাঝাই, উছমানপুরসহ আশপাশের এলাকার সড়কের অবস্থা অত্যন্ত নাজুক। বেহাল দশায় দুর্ভোগে পড়তে হচ্ছে প্রায় অর্ধলক্ষ মানুষকে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গাজীপুর ইউনিয়নের ধলাঝাই, উছমানপুরসহ আশপাশের এলাকার সড়কটি সংস্কারহীন রয়েছে। অল্পবৃষ্টিতে সড়কের কাদামাটিতে সড়ক পিচ্ছিল হয়ে পড়ে ফলে প্রতিদিনই ঘটে ছোটখাটো দুর্ঘনা। সড়কের দৈন্যদশায় শুধু যাতায়াতই নয়, সামাজিক জীবনেও এর নেতিবাচক প্রভাব পড়ছে। এমনকি অনেক ছেলে-মেয়ের বিয়ের সম্পর্কও ভেঙে যাচ্ছে বলে দাবি করেছেন তাদের অভিভাবক ও স্বজনরা।
স্থানীয়দের ভাষ্যমতে, এটি চুনারুঘাট উপজেলা পরিষদের আওতাধীন একটি গুরুত্বপূর্ণ সড়ক। যা দিয়ে প্রায় ৫০ হাজার মানুষ চলাচল করেন। বর্ষা মৌসুমে সড়কটি কাদা ও বড় বড় গর্তে পরিণত হওয়ায় যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। অনেক সময় পায়ে হেঁটেও নিরাপদে চলাচল করা সম্ভব হয় না।
এলাকাবাসীর অভিযোগ, যোগাযোগ ব্যবস্থা এতটাই নাজুক যে বাইরের এলাকার মানুষ এ অঞ্চলে আত্মীয়তা করতে অনীহা প্রকাশ করেন। ফলে অনেক ছেলে-মেয়ের বিয়ের আলোচনা শেষ পর্যন্ত ভেঙে যাচ্ছে। এ ছাড়া জরুরি সময়ে রোগীদের হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ায় চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।
স্থানীয়দের দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সহজে এলাকায় পৌঁছাতে না পারায় অপরাধ ও মাদকসংক্রান্ত কার্যক্রম নিয়ন্ত্রণে সমস্যা সৃষ্টি হচ্ছে। এতে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি ঘটছে বলে তারা অভিযোগ করেন। শিক্ষার্থীরাও চরম ভোগান্তির শিকার হচ্ছে। কাদা ও ভাঙাচোরা রাস্তার কারণে অনেক শিক্ষার্থী সময়মতো স্কুল-কলেজে যেতে পারছে না। যার প্রভাব পড়ছে তাদের নিয়মিত লেখাপড়ায়। এলাকাবাসী দ্রুত সড়কটির সংস্কার করে জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী বলেন, অচিরেই এই রাস্তা সংস্কারের কাজ শুরু হবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.