ছবি: প্রতীকী
সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নে জোরপূর্বক ধর্ষণের চেষ্টায় বাধা দেওয়ায় এক সন্তানের জননীকে মারধর ও ধারালো দা দিয়ে কূপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় হাসান আহমদ নামে এক যুবককে অভিযুক্ত করে থানায় এজহার দিয়েছেন ঐ ভুক্তভোগী নারী।
সোমবার (৩১ আগস্ট) দুপুর ২টায় নাজিরেরগাও (পশ্চিম পাড়া) করবলারটুক গ্রামে এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত ব্যক্তি কালাইরাগ গ্রামের তৈয়ব আলীর পুত্র হাসান আহমদ।
ভূক্তভোগী ও পরিবার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীকে মামার বাড়িতে একা পেয়ে হাসান আহমদ জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ভুক্তভোগী নারী বাধাঁ দিলে অভিযুক্ত ব্যক্তি তাকে লাথি, কিল ও ঘুসি দিয়ে মারধর শুরু করে। একপর্যায়ে হাসান আহমদ ধারালো দা দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে।
এতে ওই নারীর হাতের কিছু অংশ কেটে যায় এবং নাকে গুরুতর জখম হয়। পরে তাঁর শিশু সন্তান নানী ও প্রতিবেশীদের খবর দিলে তাঁরা ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করেন। এ ঘটনা সম্পর্কে বক্তব্য জানতে অভিযুক্ত ব্যক্তির সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে উত্তর রনিখাই ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য ফখরু মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে জানতে পারি- জোরপূর্বক ধর্ষণের চেষ্টায় বাধা দেওয়ায় হাসান আহমদ ঐ নারীর ওপর হামলা চালিয়েছে। স্থানীয়দের কাছে শুনেছি এর আগেও সে ঐ নারীকে নির্যাতনের চেষ্টা করেছিল।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গনি বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সি/মা/ডেস্ক/এসসিজে
আইটি ল্যাব সলিউশন্স লি.