ছবি: সিলেটের মানচিত্র
সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৭০টি বারকী নৌকা জব্দ করে ধ্বংস করেছে উপজেলা টাস্কফোর্স। এ সময় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের কালাইরাগ এলাকায় ধলাই নদীর পূর্ব পাড় ও বালুচরে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ধলাই নদীর ইজারা বহির্ভূত এলাকা থেকে বালু উত্তোলনে বারকী নৌকা ব্যবহারে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। ওই নিষেধাজ্ঞা অমান্য করে একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করে আসছিল। এরই পরিপ্রেক্ষিতে টাস্কফোর্স অভিযান চালায়।
অভিযানকালে বালু পরিবহনে ব্যবহৃত ৭০টি অবৈধ বারকী নৌকা জব্দ করা হয়। পরে নৌকাগুলো ভেঙে ফেলা হয়।
আটক দুজনের মধ্যে একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যজনের বয়স বিবেচনায় তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোম্পানীগঞ্জ থানা পুলিশের সদস্যরা অংশ নেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.