প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:২৫ (শনিবার)
প্রধানমন্ত্রীর ভারত সফরের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর ভারত সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, সফর নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা চলছে। তবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে এ সফরের সম্ভাবনা নেই।


শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে সিলেট নগরের একটি হোটেলে টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইমজার নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।


পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা’ নিয়েই প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেবেন। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।


বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে হুমায়ুন কবির বলেন, দুই দেশের মধ্যে হাজারো সমস্যা থাকলেও আলোচনার পথ কখনো বন্ধ হওয়া উচিত নয়। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক বজায় রাখা প্রয়োজন।


জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, কীভাবে ‘সাইকোপ্যাথিক দুর্নীতি’ করা যায়, তা এনার্জি সেক্টরের দিকে তাকালেই বোঝা যায়। তবে বর্তমান সরকার জ্বালানি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং সংকট সমাধানে আন্তরিকভাবে কাজ করছে।


মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়ার সম্ভাবনা প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এতে বাংলাদেশের যুক্ত হওয়া অস্বাভাবিক কিছু নয়। বিশ্বের অনেক দেশই একাধিক নিরাপত্তা জোটের সঙ্গে সম্পৃক্ত রয়েছে। বাংলাদেশের জাতীয় স্বার্থ যেখানে সংশ্লিষ্ট, প্রয়োজন অনুযায়ী সেখানেই যুক্ত হবে বাংলাদেশ।


যুক্তরাষ্ট্র থেকে বোয়িং বিমান কেনার বিষয়ে তিনি বলেন, বাংলাদেশকে বোয়িং কিনতেই হবে-এমন কোনো চাপ নেই। দেশের প্রয়োজন ও চাহিদা রয়েছে বলেই যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে। ভবিষ্যতে প্রয়োজন হলে আরও বোয়িং বিমান কেনা হতে পারে।
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক পাঠানো প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে একটি সিন্ডিকেটের কারণে দেশটিতে বাংলাদেশের শ্রমশক্তি রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়েছিল। বর্তমান সরকার সেই সিন্ডিকেট ভেঙে দিয়েছে। এখন ধাপে ধাপে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক পাঠানো হবে।


কলকাতায় বাংলাদেশি নাগরিকদের হোটেলে থাকার সুযোগ না দেওয়া এবং রাস্তায় রাত কাটানোর অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের ঘটনার সুনির্দিষ্ট উদাহরণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে আনা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

 

সি/মা/ডেস্ক/এসসিজে