শায়েস্তাগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দাউদনগর মহল্লায় দীর্ঘদিনের ভগ্নদশা সড়ক ও নাজুক ড্রেনেজ ব্যবস্থার কারণে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দা ও দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীরা। সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হওয়া জলাবদ্ধতা এবং প্রধান সড়ক থেকে অলিগলি পর্যন্ত ছড়িয়ে থাকা বড় বড় গর্তের কারণে গোটা এলাকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বারবার পৌর কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হলেও কাঙ্ক্ষিত কোনো পদক্ষেপ দেখা যায়নি বলে অভিযোগ তুলেছেন এলাকাবাসী।
দাউদনগর মহল্লার পুরাতন বটগাছতলা থেকে ছাওয়ালপীর মাজার শরিফ এবং মাছের ঘাটের পূর্ব পাশ থেকে পশ্চিম লেঞ্জাপাড়া মোড় পর্যন্ত সড়কগুলোর পিচ ও খোয়া উঠে গিয়ে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকার ও অ্যাম্বুলেন্সের মতো জরুরি যানবাহনগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে। এর সঙ্গে যুক্ত হয়েছে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা; কোথাও ড্রেন ভেঙে যাওয়ায় বা অসম্পূর্ণ থাকায় বৃষ্টির পানি ও বাসাবাড়ির নোংরা পানি জমে তীব্র দুর্গন্ধ এবং মশার উপদ্রব তৈরি করেছে, যা জনস্বাস্থ্যকে মারাত্মক ঝুঁকিতে ফেলছে।
এই এলাকার অন্যতম আধ্যাত্মিক ও ঐতিহাসিক স্থান হযরত শাহ সৈয়দ হাসান উল্লাহ ওরফে ছাওয়ালপীর (রহ.) মাজার শরিফে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ জিয়ারত করতে আসেন। কিন্তু বেহাল রাস্তা ও জলাবদ্ধতার কারণে তাদেরও চরম ভোগান্তির মুখোমুখি হতে হচ্ছে।
স্থানীয়দের ক্ষোভ, সড়ক ও ড্রেন সংস্কারের নামে বিভিন্ন সময়ে বরাদ্দ আসলেও দাউদনগরবাসীর এই দীর্ঘস্থায়ী দুর্ভোগ দূর করার কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অবিলম্বে পৌর প্রশাসককে সরেজমিন পরিদর্শন করে টেকসই সড়ক নির্মাণ ও আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করার জোরালো দাবি জানিয়েছেন তারা।
আইটি ল্যাব সলিউশন্স লি.