হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যে ক্যামেরাবন্দি হয়েছে বিশ্বের অন্যতম বৃহত্তম ও বিরল প্রজাতির মালয়ান জায়ান্ট স্কুইরেল। স্থানীয়ভাবে ‘দৈত্য’ কাঠবিড়ালি নামে পরিচিত এই প্রাণীর উপস্থিতি মিলতেই তা বন্যপ্রাণী ও প্রকৃতিপ্রেমীদের মধ্যে দারুণ আগ্রহ ও আনন্দের সৃষ্টি করেছে।
বৈজ্ঞানিক নাম ‘রাতুফা বাইকালার’ (Ratufa bicolor) এই কাঠবিড়ালিটি বাংলাদেশের কাঠবিড়ালি পরিবারের মধ্যে আকৃতিতে সবচেয়ে বড়। মাথা থেকে লেজের ডগা পর্যন্ত প্রায় এক মিটার লম্বা এবং প্রায় দুই কেজি ওজনের এই প্রাণীটির মাথা ও পিঠ গাঢ় বাদামি বা কালো রঙের এবং নিচের অংশ সাদাটে। উঁচু গাছের মগডালে বসবাসকারী এই প্রাণীটি মাটিতে খুব একটা নামে না এবং এর প্রধান খাদ্য বুনো ফল, বীজ ও গাছের কচি পাতা।
সংশ্লিষ্টদের মতে, মালয়ান জায়ান্ট স্কুইরেল টিকিয়ে রাখতে হলে পুরোনো ও গহিন বনের বৃক্ষরাজি সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। বন উজাড় ও অবৈধ শিকারের কারণে এদের অস্তিত্ব হুমকির মুখে পড়লেও, অভয়ারণ্যে এর দেখা মেলা বনের সমৃদ্ধ জীববৈচিত্র্যের একটি ইতিবাচক বার্তা বহন করে।
কালেঙ্গা বিট কর্মকর্তা আল আমিন ও হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সুবাস চন্দ্র দেব মনে করেন, বনের পুরোনো গাছ ও জীববৈচিত্র্য সংরক্ষণের মাধ্যমেই কেবল এ ধরনের বিরল বৃক্ষনির্ভর প্রাণীদের টিকিয়ে রাখা সম্ভব। বন্যপ্রাণী প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবুল কালাম একে বনাঞ্চলের জীববৈচিত্র্যের জন্য একটি বড় সুখবর বলে অভিহিত করে বন সুরক্ষায় সকলের সচেতনতা ও সহযোগিতা কামনা করেছেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.