প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:০৯ (রবিবার)
হেলে পড়া ব্রিজে ঝুঁকি নিয়ে পারাপার

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নে মনাই নদীর ওপর নির্মিত কালিজানা ব্রিজটি দীর্ঘদিন ধরে বেহাল ও চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। রেলিং ভেঙে যাওয়া, এক পাশে হেলে পড়া এবং দুই পাশের সংযোগ সড়ক বিচ্ছিন্ন থাকায় প্রতিদিন জীবনের মারাত্মক ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষ।

১৯৯৫-৯৬ অর্থবছরে পুনর্নির্মিত এই সেতুটি দীর্ঘদিন ধরে বড় ধরনের কোনো সংস্কারের মুখে পড়েনি। একাধিক বন্যার তীব্র স্রোতের কারণে সেতুটি একদিকে হেলে পড়ার পাশাপাশি দুই পাশের মাটি সরে গিয়ে সংযোগ সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে বর্তমানে সেতুটি দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে এবং পথচারীদেরও চরম উৎকণ্ঠায় পারাপার হতে হচ্ছে।

গাবী, সরিষাম, মির্জাপুর, কাকিয়াম ও শিংপুরসহ কয়েকটি গ্রামের মানুষের উপজেলা সদরে যাতায়াতের একমাত্র এই পথটি অনুপযোগী হয়ে পড়ায় তাদের বিকল্প দীর্ঘ পথ ঘুরে চলাচল করতে হচ্ছে, যা সময় ও অর্থ—উভয় দিক থেকেই তাদের অতিরিক্ত ভোগান্তিতে ফেলছে। বিশেষ করে বর্ষাকালে নদী ফুলেফেঁপে উঠলে সংযোগ সড়ক তলিয়ে যায় এবং স্থানীয়দের বাঁশের সাঁকো বা মই তৈরি করে চলাচল করতে হয়। শিক্ষার্থী, নারী, প্রবীণ ও অসুস্থ রোগীদের জরুরি যাতায়াতের ক্ষেত্রে এই দুর্ভোগ চরমে পৌঁছায়।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের এই সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে তারা ২০২৫ সালে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। ২০২২ সালের বন্যার পর স্থানীয় প্রকৌশল বিভাগ সেতুটি পুনর্নির্মাণের আশ্বাস দিলেও দীর্ঘ সময়েও কোনো দৃশ্যমান কাজ শুরু হয়নি। ফলে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত পুরোনো ও ঝুঁকিপূর্ণ এই সেতুটি অপসারণ করে একটি টেকসই নতুন সেতু এবং স্থায়ী সংযোগ সড়ক নির্মাণের জোরালো দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে ধর্মপাশা উপজেলা এলজিইডির প্রকৌশলী শাহাবউদ্দিন জানান, কালিজানা সেতুটি ভেঙে নতুন করে নির্মাণের জন্য ইতোমধ্যে প্রস্তাব পাঠানো হয়েছে এবং অচিরেই এর নির্মাণকাজ শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।