ডেঙ্গু প্রতিরোধে সিলেটে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) এ কর্মসূচির উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান। এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমান ও জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেন, মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমকে নিয়মিত সামাজিক উদ্যোগ হিসেবে নিতে হবে। এ কাজে পদ-পদবির কোনো বিষয় নেই। সবাইকে স্বেচ্ছাসেবকের ভূমিকা নিয়ে অংশ নিতে হবে।
তিনি বলেন, প্রতি শনিবার অন্তত এক ঘণ্টা করে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হলে সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে কার্যকর ফল পাওয়া সম্ভব। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষকে এ কার্যক্রমে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন বলেন, সিলেট জেলায় আগামী তিন মাস প্রতি শনিবার ধারাবাহিকভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হবে। নির্ধারিত রুটিন অনুযায়ী বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এ অভিযান পরিচালনা করা হবে।
তিনি বলেন, নিজ নিজ এলাকার বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। প্রতি সপ্তাহে অন্তত এক ঘণ্টা এ কাজে দেওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
কর্মসূচিতে অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা ও সাঈদা পারভীন, জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি এবং বিএনসিসি, স্কাউটস, বিডি ক্লিনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.