প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬ ২২:২৩ (রবিবার)
হবিগঞ্জে জিরার ট্রাক আটকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বিএনপি নেতাসহ আটক ৩

ছবি: সিলেটের মানচিত্র

হবিগঞ্জের বাহুবলে সরকারি নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার তিতারকোনা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে হেলাল মহালদার ও বিলাল মিয়ার পরিচয় পাওয়া গেছে। হেলাল মহালদার জেলা ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক এবং পশ্চিম জয়পুর গ্রামের হাজি খোর্শেদ মিয়ার ছেলে। অন্যদিকে বিলাল মিয়া উপজেলার মামদনগর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, সরকারি নিলামে কেনা ১৭১ বস্তা জিরা একটি ট্রাকে করে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে পরিবহন করা হচ্ছিল। তিতারকোনা এলাকায় পৌঁছালে ট্রাকটি থামিয়ে একটি পেট্রোল পাম্পের পেছনে রাখা হয়। পরে জিরার মালিক মো. ওবায়দুল্লাহর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

ঘটনাটি জানতে পেরে মালিকপক্ষ বাহুবল মডেল থানায় যোগাযোগ করে। পরে পুলিশ অভিযান চালিয়ে হেলাল মহালদার ও বিলাল মিয়াকে আটক করে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভুগলী এলাকা থেকে জিরাবোঝাই ট্রাকটি উদ্ধার করা হয়।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন তালুকদার জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

সি/মা/ডেস্ক/এসসিজে