ছবি: সিলেটের মানচিত্র
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ও পৌরসভার সহযোগিতায় শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে জাতীয় সংসদ ভবন থেকে কেন্দ্রীয় কর্মসূচির উদ্বোধনের পর শ্রীমঙ্গল পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি ভানুগাছ সড়কের বিজিবি ক্যাম্পসংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানের অংশ হিসেবে পৌর এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা পানি, আবর্জনা ও এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতন করতে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত এ কর্মসূচি চলবে। প্রতি শনিবার সরকারি বিভিন্ন দপ্তর, পৌর এলাকার গুরুত্বপূর্ণ স্থান ও বাজারে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে বাসাবাড়ি, ছাদ, ড্রেন ও নির্মাণাধীন ভবনসহ পানি জমতে পারে এমন স্থান পরিষ্কার রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী, পৌর নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াকুর আলী ও পৌর বিএনপির আহ্বায়ক শামীম আহমেদ। এ ছাড়া স্কাউট, বিএনসিসি, গার্ল গাইড, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় রাজনৈতিক কর্মীরা অংশ নেন।
সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম বলেন, ‘শ্রীমঙ্গল টিলা-পাহাড়বেষ্টিত এলাকা। সারা বছর এখানে পর্যটকেরা আসেন। তাই শুধু সরকারি কার্যালয় পরিষ্কার রাখলেই হবে না, বাড়িঘর ও আশপাশের পরিবেশও পরিচ্ছন্ন রাখতে হবে।’
পৌর নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, ‘সরকার ঘোষিত তিন মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রতি শনিবার সরকারি বিভিন্ন দপ্তর, পৌরসভা ও শহরের বিভিন্ন বাজারে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। আগামী তিন মাসে পরিচ্ছন্নতার ক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব হবে বলে আশা করছি।’
সি/মা/ডেস্ক/এসসিজে
আইটি ল্যাব সলিউশন্স লি.