ছবি: সংগৃহীত
খুলনার পাইকগাছায় ১৭ বছর বয়সী এক কলেজছাত্রী অপহরণের ঘটনায় মামলার প্রধান আসামি মো. ইমরান মোল্যাকে (৩৫) সিলেট থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। একই অভিযানে অপহৃত কলেজছাত্রীকেও উদ্ধার করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে সিলেট মহানগরের কোতোয়ালি থানাধীন আম্বরখানা এলাকায় অভিযান চালিয়ে ইমরান মোল্যাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৯ সূত্রে জানা গেছে, গ্রেফতার ইমরান মোল্যা খুলনার পাইকগাছা থানার নাসিরপুর এলাকার মো. নান্নু মোল্যার ছেলে। তিনি পাইকগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি।
র্যাব জানায়, উদ্ধার হওয়া কলেজছাত্রী পাইকগাছা সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। কলেজে যাতায়াতের পথে ইমরান তাকে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব ও কুপ্রস্তাব দিতেন বলে অভিযোগ রয়েছে। এতে সাড়া না দেওয়ায় তাকে অপহরণের হুমকিও দেওয়া হয়।
মামলার তথ্য অনুযায়ী, গত ১৮ আগস্ট সকালে কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় ওই শিক্ষার্থী। কলেজ ছুটির পরও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। তবে ফোনটি বন্ধ পাওয়া যায়। বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান না পেয়ে পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে।
পরবর্তীতে সাক্ষী শাহরিয়ার রাসেলের মাধ্যমে পরিবার জানতে পারে, ১৯ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে পাইকগাছা সরকারি কলেজের সামনে পাকা সড়ক থেকে ইমরান মোল্যা আরও ২-৩ জন অজ্ঞাত ব্যক্তির সহযোগিতায় ওই কলেজছাত্রীকে জোরপূর্বক একটি গাড়িতে তুলে নিয়ে যান।
এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে পাইকগাছা থানায় মামলা করেন। মামলার পর আসামিদের গ্রেফতার ও ভুক্তভোগীকে উদ্ধারে র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সিলেটে অভিযান চালিয়ে ইমরান মোল্যাকে গ্রেফতার ও কলেজছাত্রীকে উদ্ধার করা হয়। পরে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার আসামি ও উদ্ধার হওয়া ভুক্তভোগীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯-এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
সি/মা/ডেস্ক/এসসিজে
আইটি ল্যাব সলিউশন্স লি.